আল আমিন,কুষ্টিয়া প্রতিনিধি:
মাদক মুক্ত সমাজ গঠন, শিক্ষার মান উন্নয়ন ও বাল্যবিবাহ রোধে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার মিরপুরের তালবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।তালবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো: আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়ন এবং সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রয়াস অত্যন্ত জরুরি। একটি সুশিক্ষিত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম এবং খেলাধুলার সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রুখে দিতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।”তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামীর ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জন এবং পরিবেশ রক্ষায় নিজেদের নিয়োজিত করতে হবে।”
আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীসহ অতিথিবৃন্দ।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
