সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
ফেনী সদর উপজেলার বালিগাঁওয়ের একাধিক মামলার পলাতক আসামি গোলাম মাওলা মিস্টারকে (৪৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের নেওয়াজপুর গ্রামের আলী ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গোলাম মাওলা মিস্টার ফেনী সদর উপজেলার ৭ নম্বর বালিগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর হরদি গ্রামের সুজাত আলী মিয়ার নতুন বাড়ির বাসিন্দা। তিনি মিয়া ধন ওরফে বাচ্চু ও রোকেয়া বেগমের ছেলে।
ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নেওয়াজপুর গ্রামের ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার পলাতক আসামি গোলাম মাওলা মিস্টারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা ও বৈষম্যবিরোধী আন্দোলনসহ মোট সাতটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
