ePaper

সরাইলে পাঁচ শিক্ষক দিয়ে চলছে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান

মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। ১৭টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে মাত্র কয়েকজন শিক্ষক দিয়ে জোড়াতালি দিয়ে চলছে পাঠদান। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও শূন্য রয়েছে।

শিক্ষক সংকটের কারণে এক বিষয়ের শিক্ষককে অন্য বিষয়ের ক্লাস নিতে হচ্ছে। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায়ও প্রভাব পড়ছে বলে অভিভাবকেরা জানিয়েছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৮৭১ সালে সরাইল সদর এলাকায় প্রায় ৩ দশমিক ৭৩ একর জমির ওপর শিক্ষানুরাগী রায় বাহাদুর অন্নদা প্রসাদ রায় নিজের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৮৬ সালে এটি জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকেই বিদ্যালয়টিতে শিক্ষক সংকট রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বিদ্যালয়ে শারীরিক শিক্ষা, কৃষি শিক্ষা, গণিত, ব্যবসায় শিক্ষা, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের শিক্ষক রয়েছেন। তবে তাঁদের কেউ প্রশিক্ষণে, কেউ ছুটিতে থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে অনুমোদিত ১৭টি পদের বিপরীতে কার্যত পাঁচজন শিক্ষক দিয়ে পাঠদান চালাতে হচ্ছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত দাস বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫৩১। শিক্ষক পদের সংখ্যা ১৭ হলেও বর্তমানে পর্যাপ্ত শিক্ষক নেই। পাঁচজন শিক্ষক দিয়ে পাঠদান চালাতে হচ্ছে। কয়েকজন খণ্ডকালীন শিক্ষক দিয়েও ক্লাস নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষক সংকটের মধ্যেও বিদ্যালয়ের শিক্ষার মান ও পরীক্ষার ফলাফল ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।

সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য বলেন, বিদ্যালয়ে শিক্ষক পদ শূন্য রয়েছে। শিক্ষক পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির বলেন, তিনি নতুন যোগদান করেছেন। সরকারি বিদ্যালয়টির শিক্ষক সংকটের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।