ePaper

মাদক থেকে দূরে রাখতে আনন্দপুরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

মাদক থেকে দূরে রেখে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) আনন্দপুর বাজারে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে গোলাম রসুল মজুমদার গোলাপ বলেন, “তোমরাই আগামীর ভবিষ্যৎ। বর্তমানে যেভাবে মাদকের বিস্তার ঘটছে, কোনোভাবেই মাদকের সঙ্গে জড়াবে না। পড়ালেখায় মনোযোগী হতে হবে এবং পিতা-মাতা, শিক্ষক ও গুরুজনদের কথা মেনে চলতে হবে।”

তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।

ফুটবল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।