অজয় সাহা, রায়পুরা প্রতিনিধি:
কারও কাছ থেকে শুনেছিল ইউএনও অফিসে হুইলচেয়ার পাওয়া যায়। সেই আশায় খালি গায়ে হন্তদন্ত হয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার কাছে ছুটে আসে ছোট্ট শিশু তুলি পাল। উদ্দেশ্য একটাই হাঁটতে না পারা প্রতিবন্ধী দিদির জন্য একটি হুইলচেয়ার পাওয়া।
ইউএনওর কাছে এসে সরল ভাষায় তুলি বলে, আমার দিদির জন্য গাড়ি দেন।
শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, তাদের মা নেই এবং তার দিদি হাঁটতে পারেন না। তুলির আকুতি ও অসহায়ত্বে মানবিকভাবে পাশে দাঁড়ান ইউএনও।
তুলির সঙ্গে আসা ছোট্ট বালক কৃষ্ণকেও নতুন জামা কিনে দেওয়া হয়। খালি গায়ে অফিসে আসা তুলি নতুন জামা পরে এবং দিদির জন্য হুইলচেয়ার নিয়ে বাড়ির পথে রওনা দেয়।
তুলিদের বাড়ি রায়পুরা পৌরসভার হরিপুর এলাকায়। পরে উপজেলা প্রশাসনের স্টাফরা রিকশায় করে তুলি ও কৃষ্ণকে তাদের বাড়িতে পৌঁছে দেন।
দিদির জন্য হুইলচেয়ার এবং নিজের জন্য নতুন জামা পেয়ে তুলির মুখে ফুটে ওঠে মায়াভরা হাসি। শিশুটির সেই হাসি উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
তুলির মতো অসহায় শিশুদের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে। স্থানীয়রা তুলির পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
