ePaper

ফুলগাজীর মুন্সীরহাট সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় দুই নারী আটক

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কামাল্লা সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল চলাকালে সন্দেহজনকভাবে চলাফেরার সময় তাদের আটক করা হয়।

আটক নারীরা হলেন—বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াখালী (দাশ বাড়ি) এলাকার সোনা লক্ষী (৭০) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের দোলগনি গ্রামের শান্তনা (৪০)।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কামাল্লা সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় দুই নারীকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা যায়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে কী উদ্দেশ্যে তারা ভারতে যাচ্ছিলেন এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বিজিবির হাতে দুই নারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক দুই নারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।