ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মো. ইকবাল হোসেন ও দেলোয়ার হোসেন পারভেজ এর সার্বিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ হোসেন মজুমদার। এ সময় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী বিদ্যালয়ের ২০ জন কৃতি শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষক মো. শাহজাহান বিএসসি, অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ হোসেন মজুমদার বলেন, “পুরো উপজেলায় জিপিএ-৫ অর্জনের দিক থেকে ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম হওয়ায় কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই। তারা ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, “ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বরাবরই ভালো ফলাফল করে আসছে। এবারের ভালো ফলাফলের জন্য আমি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজ যারা জিপিএ-৫ পেয়েছে, তারা দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করি।”
অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকরা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন।
