দিনাজপুর প্রতিনিধি:
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা। শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় শহরের ইনস্টিটিউট মাঠে আয়োজিত সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আফতাব উদ্দীন মোল্লা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুর হক, সহকারী সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাসুদ রানা, ফুলবাড়ী উপজেলা জামায়াত নেতা আনোয়ার হোসেন এবং ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি সোহানুর রহমান সোহানসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন জুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও অর্থ পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। তারা অভিযোগ করেন, এ কারণেই সরকার জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক নয়। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করতে চায়, স্বাধীন গুম কমিশন গঠনের বিরোধিতা করে এবং নির্যাতনের সংস্কৃতি অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কার প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই সংস্কার বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
