ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাতে দক্ষিণ শ্রীপুর এলাকার স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশে মাদক কেনাবেচা ও সেবনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশে বেলাল হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে প্রথমে সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। এরপরও তারা সংশোধন না হলে সমাজ থেকে তাদের বর্জনের বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে।”
তিনি আরও বলেন, এলাকার যেকোনো সমস্যা আগে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। স্থানীয়ভাবে সমাধান সম্ভব না হলে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে।
উন্নয়ন প্রসঙ্গে বেলাল হোসেন বলেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু এলাকার উন্নয়নে বিভিন্ন খাতে বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে একটি মসজিদের জন্য ৩ লাখ টাকার অনুদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ রয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও উন্নয়ন বরাদ্দ আনার চেষ্টা করা হবে বলে তিনি জানান।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “প্রত্যেকে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে স্বাধীন। তবে আমি একজন দলীয় কর্মী হিসেবে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই আপনাদের সমর্থন কামনা করব।”
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
