ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও মুরগিবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার এ দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ মারা যান। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন ওয়াহিদা আক্তার জুহা, (২০)স্বামী কাজী আজাদ, দক্ষিণ পাঠানগড়, ছাগলনাইয়া, ফেনী এবং মোহাম্মদ কাউসার,(২৫) ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে।
এদিকে আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান জানান, নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িগুলো থানায় নেওয়া হবে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
