ePaper

অবমাননার প্রতিবাদে গাইবান্ধায় পূজা উদযাপন পরিষদের নীরব প্রতিবাদ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকারীদের শাস্তির দাবি

হাবিবুর রহমান, গাইবান্ধা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের ছবি অবমাননা ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) গাইবান্ধা শহরের আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে ডিবি রোডে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে নীরব অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা পলাশবাড়ী উপজেলার রাধা গোবিন্দ ও কালীমন্দিরকে কেন্দ্র করে ভগবান শ্রী রামচন্দ্রের ছবিতে জুতা প্রদর্শন ও অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানান।

বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোনো গোষ্ঠী যেন ধর্মীয় উসকানি সৃষ্টি করে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ নীরব প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *