রবিউল করিম ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুবেল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল রোববার (৭ জুন) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত মো. রুবেল ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার শাহজাহান খলিফার ছেলে।
গতকাল রোববার বিকেলে বড় কুশিয়ারা এলাকার একটি অটো গ্যারেজের পাশে খেলা করছিল শিশুটি। এ সময় অভিযুক্ত রুবেল চানাচুর খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে গ্যারেজের ভেতরের একটি টয়লেটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি প্রতিবেশী এক নারী দেখে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দাদের জানান।
খবর পেয়ে স্থানীয় লোকজন গ্যারেজের টয়লেটের সামনে গিয়ে দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু অভিযুক্ত রুবেল দরজা না খুলে উল্টো শিশুটির মুখ চেপে ধরে ভেতরে বসে থাকে। একপর্যায়ে উপস্থিত জনতা টয়লেটের দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে রুবেল দরজা খুলতে বাধ্য হয়।
পরবর্তীতে উপস্থিত জনতা রুবেলকে আটকে রেখে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে অবহিত করে। সংবাদ পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন বলেন, “স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করি। রোববার রাতেই শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আজ সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
