ePaper

দৈনিক নবচেতনার লালমনিরহাট জেলা প্রতিনিধি লিয়াকত আলী আর নেই

লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ লিয়াকত আলী (৬৯) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৮ জুন) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে লালমনিরহাট সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাসভবনে স্ট্রোক করলে দ্রুত তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।মরহুমের ছেলে নাঈম খান সাদ বলেন, আব্বা দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে তিনি স্ট্রোক করেন। হাসপাতালে নেওয়ার পর ১০টা ১৫ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে যান। প্রেসক্লাব লালমনিরহাটের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার বাদ এশা স্থানীয় নেসারিয়া কামিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দাফন করা হবে। লিয়াকত আলীর মৃত্যুতে দৈনিক নবচেতনা পরিবারের পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সম্পাদক ও প্রকাশক লায়ন মো: সাখাওয়াত হোসেন। লালমনিরহাটের সাংবাদিক মহলেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ ছাড়াও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে লালমনিরহাট প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সাংবাদিকতায় লিয়াকত আলীর অবদান স্মরণ করে লালমনিরহাট প্রেসক্লাবের আহবায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেন স্বপন বলেন, লিয়াকত আলী দৈনিক নবচেতনা পত্রিকাসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে সুনামের সঙ্গে প্রায় তিন দশক সাংবাদিকতা করেছেন। লালমনিরহাট জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি প্রতিনিয়ত কলম ধরেছেন। তিনি অত্যন্ত সহজ, সরল ও সাদা মনের মানুষ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *