আলফাডাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি
সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর পক্ষ থেকে “বেস্ট অ্যাওয়ার্ড” অর্জন করেছেন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী রিয়াজুল ইসলাম রিয়াজ মুস্তাফিজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মনোনীত সাংবাদিকদের মধ্য থেকে বিশেষ প্রতিবেদন ক্যাটাগরিতে তিনি এ সম্মাননায় ভূষিত হন। রিয়াজ মুস্তাফিজ দৈনিক সংবাদ প্রবাহ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত থাকাকালীন সময় “সোনার নাও পবনের বৈঠা” শীর্ষক একটি বিশেষ ফিচার প্রতিবেদন প্রকাশ করেন। ব্যতিক্রমধর্মী উপস্থাপনা, গ্রামীণ জীবন-সংস্কৃতির চিত্রায়ন এবং সাংবাদিকতার নান্দনিক প্রকাশের জন্য প্রতিবেদনটি ব্যাপক প্রশংসা অর্জন করে। এরই স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১২ মে বিকেলে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মাদ আব্দুস সালাম। সারা দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত মোট পাঁচজন সাংবাদিককে এ বছর সম্মাননা প্রদান করা হয়।
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পাড়াগ্রামের সন্তান রিয়াজ মুস্তাফিজ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। তিনি বর্তমানে দেশের প্রথম ও প্রধান অর্থনীতি বিষয়ক জাতীয় দৈনিক “দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস”-এ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে ঢাকায় কর্মরত রয়েছেন।
এ সম্মাননা অর্জনের মাধ্যমে রিয়াজ মুস্তাফিজের সাংবাদিকতা জীবনে নতুন একটি মাইলফলক যুক্ত হলো বলে মনে করছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
