ফুলগাজী , ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলায় দুইটি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে ফুলগাজী থানা পুলিশ। রোববার (১১ মে) সন্ধ্যায় উপজেলার আমজাদহাট বাজারে এ ঘটনা ঘটে। আটক মেহেদী হাসান ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার বাঁশবুনিয়া ৮ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুর রহমানের ছেলে। তার মায়ের নাম জাহানারা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, মেহেদী হাসান তার সহপাঠী রনিকে সঙ্গে নিয়ে দুপুর থেকে ফুলগাজী থানাধীন আমজাদহাট এলাকায় অবস্থান করছিলেন। সন্ধ্যার দিকে তিনি বাজারের একটি হার্ডওয়্যার দোকানে ছোট একটি টর্চলাইট কিনতে গিয়ে এক হাজার টাকার একটি জাল নোট দেন। নোটটি সন্দেহজনক মনে হলে দোকানদার বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেহেদী হাসানকে আটক করে। এ সময় তার কাছ থেকে উপস্থিত সাক্ষীদের সামনে আরও একটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তবে তার সহযোগী রনি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আটক মেহেদী হাসান পেশাদার জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মেহেদী হাসানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক ও জাল টাকার অন্তত সাতটির বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
