রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর রাজবাড়ির সামনের একটি ফসলি জমির মাঠ থেকে মোস্তাফিজুর রহমান মসু (৩৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। এলাকাবাসী জানান, বুধবার (৬ মে) সকালে ফসলী জমির মাঠে মোস্তাফিজুর রহমানের মরদেহ দেখে পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন । মোস্তাফিজুর রহমান মসু দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মরহুম বাচ্চু মিয়ার ছেলে ও এক সন্তানের জনক।
ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মৃতদেহের শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় দেখা গেছে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
