মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি
ফেনী জেলার বর্তমান ফেনীর পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলামকে বদলি করে ঢাকা পুলিশ অধিদপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান , পিপিএম। মঙ্গলবার (৫ মে ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌপিক আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। মোহাম্মদ মাহবুব আলম খান ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ৬ বছর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ এই সময়ে তিনি অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং গোয়েন্দা তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুলিশ সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও দক্ষতার কারণে তাকে ফেনীর মতো গুরুত্বপূর্ণ জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
