হাবিবুর রহমান,গাইবান্ধা
গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে সভায় দুদকের রংপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া, ডিডিএলজি মুশফিকুর রহমান এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগামী ১১ মে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শহরের তিনটি স্থানে অভিযোগ বক্স স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম চলছে। দুদক জানায়, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসময় গণমাধ্যমকর্মীরা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন দপ্তরের দুর্নীতির বিষয় তুলে ধরেন এবং এ কার্যক্রমে দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
