মোঃ হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আশুগঞ্জ পর্যন্ত নির্মাণাধীন আঞ্চলিক সড়কটি টানা বর্ষণের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে চলাচল ব্যাহত হচ্ছে, ফলে স্থানীয় জনগণ চরম দুর্ভোগে পড়েছেন। এই পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে শনিবার (২ মে) সকালে উপস্থিত হন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান।
পরিদর্শনকালে তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
স্থানীয়দের দাবি, সড়কটির নির্মাণ শেষ হলে নবীনগর ও আশুগঞ্জের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন হবে এবং ঢাকায় যাতায়াত অনেক সহজ হবে। বর্তমানে কুমিল্লা হয়ে ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা সময় ও খরচ দুটোই বাড়ায়। তবে দীর্ঘদিন ধরে নির্মাণকাজে ধীরগতি এবং সাম্প্রতিক বৃষ্টির কারণে সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে।
পরিদর্শন শেষে এমপি আব্দুল মান্নান জানান, ভারী বর্ষণের কারণে সড়কের কিছু অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন যে, নির্ধারিত সময় অনুযায়ী ২০২৮ সালের মধ্যেই সড়কের নির্মাণকাজ সম্পন্ন হবে।
উল্লেখ্য, নবীনগর-আশুগঞ্জ আঞ্চলিক সড়ক নির্মাণ প্রকল্পটি ২০১৭ সালে একনেক সভায় অনুমোদিত হয়। প্রায় ১৯.৯৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণকাজ ২০১৮ সালে শুরু হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় কাজ বিলম্বিত হয়। অর্থ বরাদ্দের অভাব, ভূমি অধিগ্রহণ সমস্যা এবং প্রকল্প সংশোধনের কারণে একাধিকবার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের জুনের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
নবীনগর-আশুগঞ্জ সড়কটি স্থানীয় জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো প্রকল্প। তবে দীর্ঘসূত্রতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রকল্পটি বারবার বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত সংস্কার ও কার্যকর তদারকি ছাড়া কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব নয়।
