হেলাল উদ্দিন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে নবীনগর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। তিনি নববর্ষ উদযাপনকে সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, ডিজিএম আবু ছায়েম, ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার আলম, জেলা বিএনপি সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন, উপজেলা এনসিপি নেতা আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সাংস্কৃতিক আয়োজন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা সফলভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সভায় জানানো হয়, পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা সকাল ৭টা ৩০ মিনিটে নবীনগর উপজেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
