সাহেদ চৌধুরী, ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অসহায় এক পরিবারের জন্য বসতঘর নির্মাণ করে দিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন জেলা জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াস।বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় তিনি সরেজমিনে গিয়ে ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন।
জানা যায়, ৫নং মহামায়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আবুল কালামের একমাত্র বাকপ্রতিবন্ধী পুত্র আব্দুল কাদের জিলানী দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিলেন। তার বসতঘরটি ছিল প্লাস্টিকের চাউনিযুক্ত, যা বৃষ্টির সময় পানি পড়ায় বসবাসের অনুপযোগী হয়ে উঠেছিল। এমন মানবেতর পরিস্থিতি দেখে ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ইব্রাহিম চৌধুরী উদ্যোগ গ্রহণ করেন। তার এ উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদান করেন জামায়াতে ইসলামী ফেনী জেলা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ও ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মোহাম্মদ ইলিয়াস।পরবর্তীতে অসহায় আব্দুল কাদের জিলানীর জন্য নতুন করে একটি বসতঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ইতোমধ্যে কাজও শুরু হয়েছে। এ মহৎ উদ্যোগে নুরনবি চৌধুরী, নয়নসহ এলাকার আরও কয়েকজন সহৃদয় ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এ বিষয়ে মোহাম্মদ ইলিয়াস বলেন, সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
