ePaper

কোম্পানীগঞ্জে জ্বালানি তেল বিক্রয়ে অনিয়মে সতর্কতা, ওভারলোডেড ট্রাকে জরিমানা

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):

কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় জ্বালানি তেল বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ ২০২৬) বিকেল ৫টা ১৫ মিনিট থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে তিনটি জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানে মজুদ ও বিতরণ কার্যক্রম পরিদর্শন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত রুবাইয়া বিনতে কাশেম। এসময় কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় আর্মি ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে ‘ছিদ্দিক কমার্শিয়াল সিন্ডিকেট’ নামক প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। অপরদিকে ‘তানিশা এন্টারপ্রাইজ’ ও ‘কামাল মটরস অয়েল এন্ড পার্টস’-এ পেট্রোল, ডিজেল ও অকটেনের মজুদ এবং বিক্রয় কার্যক্রম যাচাই করা হয়। এ সময় ক্রেতাদের কাছে সুশৃঙ্খলভাবে তেল বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি তেল সরবরাহে গড়িমসি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে, তানিশা এন্টারপ্রাইজে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ডিজেলের মজুদ ছিল ৯৮০ লিটার এবং পেট্রোলের মজুদ ৯৩০ লিটার। সেখানে ডিজেল প্রতি লিটার ১০০ টাকা এবং পেট্রোল ১২০ টাকায় বিক্রি হচ্ছিল। অন্যদিকে, কামাল মটরস অয়েল এন্ড পার্টসে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত ডিজেলের মজুদ ছিল ৮,১৭০ লিটার, যার বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ থেকে ১০৫ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া একই দিনে ২২ টনের বেশি বালুবাহী ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা অমান্য করায় একটি ওভারলোডেড ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ৫০০ ঘনফুট বালুবাহী ২৮ টনের ওই ট্রাকটির চালক রিয়াদ ড্রাইভিং লাইসেন্সবিহীন হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাকটির ওজন ডিজিটাল ব্রিজ স্কেলে পরিমাপ করে ২৮ টন পাওয়া যায় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *