ePaper

দক্ষিণ বঙ্গোপকূল কাঁপাল কালবৈশাখীতে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎহীন জনপদ

সৌমিত্র সুমন,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত পৌনে একটার দিকে উপকূলীয় অঞ্চলে আঘাত হানে এ ঝড়, যার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়ে জনজীবন। ঝড়ের আঘাতে জেলার বিভিন্ন এলাকায় শত শত বসতবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং সহস্রাধিক আধাপাকা ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরের টিনের চালা উড়ে গিয়ে খোলা আকাশের নিচে পড়েছেন বাসিন্দারা। একইসঙ্গে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা, ফলে সড়ক যোগাযোগেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

ঝড়ের প্রভাবে রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা। প্রায় বেলা ১১টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে। জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলাপাড়া উপজেলা। এ উপজেলার ধানখালী, বালিয়াতলী, ডালবুগঞ্জ, টিয়াখালী ও লতাচাপলী ইউনিয়নে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নিরূপণ করতে পারেনি উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত অনেক হতদরিদ্র পরিবার ঘর মেরামতের সামর্থ্য হারিয়ে চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন। এ অবস্থায় ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদেরকে ঢেউটিন প্রদান করা হবে। আর যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *