সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে আন্ত:বিভাগীয় ডাকাত সর্দার রাশেদুল ইসলাম ওরফে কেচুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কামারখন্দ থানাসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতি, দস্যুতা, মাদক, অপহরণ করে মুক্তিপণ আদায়ের অন্তত ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত কেচু উপজেলার কোনাবাড়ী গ্রামের সোলাইমানের ছেলে। পুলিশ জানায়, গত শনিবার ভোরে তার নিজ বাড়িতে আন্ত:বিভাগীয় ডাকাত সর্দার রাশেদুল ইসলাম ওরফে কেচুকে তার পরিবারের সদস্য ও এলাকাবাসী মিলে আটক করে রাখে। জরুরি সেবা নম্বর ৯৯৯-এর ফোন কলের মাধ্যমে এমন খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা দেন। চিকিৎসা শেষে শনিবার সকালে চিকিৎসক ছাড়পত্র প্রদান করলে ডাকাত সর্দার কেচুকে থানা হেফাজতে নেওয়া হয়। কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দ জানান, ডাকাত সর্দার কেচুকে জিজ্ঞাসাবাদ শেষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে কামারখন্দ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে মালামাল ডাকাতির ঘটনায় পেনাল কোড ৩৯৫/৩৯৭ ধারা মূলে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে কামারখন্দ থানায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
