মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
দীর্ঘ ২৩ বছরের রাজনৈতিক পথচলার ইতি টানলেন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের কর্মী জাবেদ শেখ। তিনি বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডর বাসিন্দা। বর্তমানে তিনি ইউরোপ আছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে নিজের ব্যক্তিগত ফেসবুক “জাবেদ শেখ” আইডিতে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ-এর সঙ্গে তার সকল সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। একই সঙ্গে প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের কথা জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, ২০০২ সালে সরকারি মুজিব কলেজে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর থেকে দীর্ঘ সময় তিনি তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসেবেই সক্রিয় ছিলেন। কোনো পদ-পদবি কিংবা ক্ষমতার প্রতি তার আগ্রহ ছিল না বলেও জানান তিনি। আদর্শ, বিশ্বাস ও ভালোবাসা থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে উল্লেখ করেন। তিনি আরও লেখেন, আওয়ামীলীগ পরিবারে জন্ম ও বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকেই দল তার অনুভূতি ও চেতনার অংশ ছিল। তার ভাষ্য অনুযায়ী, রাজনীতি তার কাছে কেবল সংগঠন নয়, বরং আত্মপরিচয়ের অংশ হয়ে উঠেছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় দায়িত্ব নেওয়ার সুযোগ এলেও সামনে আসার চেষ্টা করেননি বলে জানান তিনি। নীরবে, পেছন থেকে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেছেন বলে পোস্টে উল্লেখ করেন। নিজের বক্তব্যে তিনি দাবি করেন, সচেতনভাবে কারও ক্ষতি করেননি। তারপরও তার কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। কারও প্রতি অভিযোগ বা অভিমান নেই বলেও স্পষ্ট করেন তিনি। সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
২৩ বছরের স্মৃতি, সহকর্মীদের ভালোবাসা ও রাজনৈতিক অভিজ্ঞতা হৃদয়ে ধারণ করে ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। তার এ ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
