মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী-৫ আসনের রাজনীতিতে সৌহার্দ্য ও ইতিবাচক বার্তার দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।
নির্বাচনী প্রক্রিয়া শেষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিজয়ী ধানের শীষ প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামকে অভিনন্দন জানান এবং এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজের স্ট্যাটাসে অধ্যক্ষ বেলায়েত হোসেন লেখেন, চেষ্টার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছি। আল্লাহ ভরসা। দেশের জন্য এবং নোয়াখালী-৫ এর মানুষের জন্য অব্যাহতভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ। তিনি কোম্পানীগঞ্জ, কবিরহাট, অশ্বদিয়া ও নেয়াজপুর এলাকার বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সমর্থন ও সহযোগিতা তার চলার পথকে শক্তিশালী করেছে। পাশাপাশি সহযোদ্ধাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানানো এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা রাজনৈতিক সৌজন্য ও গণতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক দিককে তুলে ধরে।
