ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহা. রেজাউল করীম বলেছেন, ২৪ এর অভ্যুত্থানের পর আমরা যখন আওয়াজ তুলেছিলাম ইসলামের পক্ষে এক হওয়ার জন্য। তখন সারাদেশের মানুষ আমাদের সাথে একমত হয়ে একাত্মতা প্রকাশ করলে তখন এক শ্রেণি বিশেষ করে একটা দল ইসলামের পরিবর্তে ক্ষমতার লোভী হয়ে গেছে। তিনি আরও বলেন, আজকে হাজার হাজার কোটি টাকা এ দেশ থেকে পাচার হয়ে গেছে। আমাদের দেশ বারবার দুর্নীতিতে প্রথম হয়েছে। তারা ইসলামের লেবেল লাগিয়ে এদেশে আমেরিকার নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, ভারত ও ব্রিটিশের কালচার বাস্তবায়ন করতে চায়। তারা ইমিটেশনকে স্বর্ণ বলে মানুষকে ধোকা দিচ্ছে। আমরা দেশের মানুষকে বলবো আমরা ইমিটেশন স্বর্ণ চাই না, আমরা আসল স্বর্ণ চাই। বাংলাদেশে আমরা বাস্তব ইসলামকে দেখতে চাই।রোববার সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী হাই স্কুল মাঠ প্রাঙ্গনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলামের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই বলেন, অনেকেই মনে করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একা হয়ে গেছে। আমরা বলবো আমরা একা হই নাই, আমাদের সাথে আল্লাহ রয়েছে, আমাদের সাথে বাংলাদেশের সকল ওলামায়ে ইকরাম রয়েছে। যারা ইসলাম ও দেশকে ভালোবাসে তারা রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের প্রার্থী জহিরুল ইসলাম এর সভাপতিত্বে দলটির অন্যান্য আসনের প্রার্থী ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
