রাজীব চৌধুরী, কেশবপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে যশোর জেলার কেশবপুর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার(১ লা ফেব্রুয়ারি) সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে এবং কেশবপুর উপজেলা নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল আচরণই একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান ভিত্তি। তাই নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত থাকবে।প্রশিক্ষণ কর্মসূচিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার আইনগত দিক, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট ও গণভোট সংক্রান্ত কার্যক্রম, আচরণবিধি এবং সম্ভাব্য সমস্যা মোকাবিলার কৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
