ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর কোনাবাড়ী প্রতিনিধি
গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের ওয়াবদা এলাকায় ৩১ জানুয়ারি ২০২৬ ইং, শুক্রবার সন্ধ্যায় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনকে কেন্দ্র করে তিন বছর বয়সী মারিয়াকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ভগ্নিপতি রুহুল আমিনের বিরুদ্ধে।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রুহুল আমিন দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এনে দিতে চাপ দিয়ে আসছিল। ফোন এনে দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীকে প্রায়ই মারধর করত সে। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে রুহুল আমিন তার শ্যালিকা মারিয়াকে দোকানে মজা খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটিকে মারধর করে জঙ্গলেই রেখে আসে।পরে শিশু মারিয়াকে দেখতে না পেয়ে রুহুল আমিনকে জিজ্ঞেস করলে সে কিছু বলতে না চাইলে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রুহুল আমিনকে সঙ্গে নিয়ে জঙ্গলে গিয়ে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন জানান, মোবাইল ফোনের জন্য তিন বছরের শিশুকে জঙ্গলে নিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত রুহুল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
