পটুয়াখালীতে ভোররাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ


কাজী মামুন,পটুয়াখালী : জেলার কলাপাড়া উপজেলায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে আগুন দেওয়ার পরপরই ব্যাংকের নিরাপত্তাকর্মীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে তাদের সহযোগিতায় আগুন নেভানো হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৪টার দিকে পৌর শহরের রহমতপুরে গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক ভবনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত কিংবা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ব্যাংক সংশ্লিষ্টরা।
গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন কালবেলাকে বলেন, ‘ভোররাতে শাখা কার্যালয়ের দোতলায় আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় নৈশপ্রহরী কিশোর বিষয়টি দেখে ফেললে তিনি জোরে ডাক চিৎকার করেন
পরে স্থানীয়রা ছুটে এলে তাদের সঙ্গে নিয়ে কিশোর আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু আগুন দিয়ে দুর্বৃত্তরা প্রাচীর টপকে পালিয়ে যায়।
তিনি জানান, এ ঘটনায় তিনিসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা এক ধরনের ভীতির মধ্যে রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির সদস্য আবদুস সোবহান কালবেলাকে বলেন, ‘ভোররাতে নৈশপ্রহরীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসি। ব্যাংকে গিয়ে দেখি আগুন প্রায় নেভানো হয়েছে। আগুন ভেতরে প্রবেশ করতে না পারায় তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।’
এদিকে মঙ্গলবার সকালে ওই ব্যাংক কার্যালয়ে গিয়ে দেখা যায়, পানি দিয়ে ধুয়ে আগুনে পুড়ে যাওয়া স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করছেন দায়িত্বরতরা। এসময় পুলিশের টহল টিম সেখানে উপস্থিত ছিল। তবে এ ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত করতে পারেনি কেউ।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেকোনো ধরনের নাশকতা এড়াতে আমরা তৎপর রয়েছি।’