জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে মাদ্রাসা থেকে হারিয়ে যাওয়া ৭ বছর বয়সী শিশু ছোয়াদকে গভীর রাতে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে মেলান্দহ থানা পুলিশ। রাত আনুমানিক ২টার দিকে মেলান্দহ এলাকায় শিশুটিকে ঘোরাফেরা করতে দেখে তার নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক। পরে তিনি নিজে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া শিশু ছোয়াদ জামালপুর সদর উপজেলার পৌর এলাকার শামছুদ্দোহা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। তার পিতার নাম সুজন মিয়া এবং মাতার নাম শিল্পী বেগম। শিশুটির পরিবারের ঠিকানা জামালপুর সদর উপজেলায় শহীদ হারুন সড়ক এলাকায়।
জানা যায়, ছোয়াদ সকাল থেকে মাদ্রাসা থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এদিকে শিশুটি পথ হারিয়ে মেলান্দহ এলাকায় চলে আসে এবং বিভিন্ন বাজারে ঘোরাফেরা করতে থাকে। রাত গভীর হলেও সে বাড়ির ঠিকানা বলতে পারছিল না।
এ সময় ওসি এটিএম মাহমুদুল হক শিশুটিকে উদ্ধার করে তার পরিচয় ও পরিবারের খোঁজ জানতে চান। সৌভাগ্যক্রমে শিশুটি তার বাবার মোবাইল নম্বর মুখস্থ বলতে পারে। সেই নম্বরের সূত্র ধরে ওসি শিশুটির বাবার সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে রাতেই ছোয়াদের বাবা-মা মেলান্দহ থানায় ছুটে আসেন। পরে ওসি এটিএম মাহমুদুল হক তাদের কাছে শিশুটিকে নিরাপদে বুঝিয়ে দেন।
এ ঘটনায় সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন ছোয়াদের বাবা-মা। গভীর রাতে পুলিশের এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা জানান তারা।
ওসি এটিএম মাহমুদুল হক বলেন, “একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। শিশুটিকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।”
মেলান্দহ থানা পুলিশের এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি ঘটনাটি শিশুদের নিরাপত্তা, অভিভাবকদের সচেতনতা এবং ছোট শিশুদের পরিবারের মোবাইল নম্বর ও ঠিকানা মুখস্থ রাখার গুরুত্বও নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে।
মেলান্দহে উদ্ধার হওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
