নবচেতনা আইন ও আদালত ডেস্ক : দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা।
আজ দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শত-শত আইনজীবী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল বলেন, আপনারা দেশে কোন ধরনের অপকর্ম করার চেষ্টা করবেন না। আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীসহ সারা দেশের আইনজীবীরা আপনাদের সকল অপকর্ম বন্ধ করার জন্য সজাগ রয়েছি।
তিনি বলেন, আমরা বিগত ১৭ বছর রাজপথে ছিলাম। আগামীতেও রাজপথে থাকব। আমরা সকল অপকর্ম কঠিন হাতে দমন করতে প্রস্তুত।
ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আইনজীবীদের উদ্দেশে আরও বলেন, বন্ধুগণ, আপনারা সবাই সতর্ক থাকবেন। সারা দেশে আইনজীবী ফোরাম সতর্ক থাকবে এবং যারাই সন্ত্রাস ও নৈরাজ্য তথা আইনের বাইরে কাজ করবে, তাদেরকে কঠিন হাতে দমন করা হবে।
আজকের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন— বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবচেতনা/এআর


