চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের প্রতিবাদে ভেড়ামারায় বিক্ষোভ-মানববন্ধন


কুষ্টিয়া প্রতিনিধি : খুলনা– ভেড়ামারা– ঈশ্বরদী ঢাকা রুট থেকে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করে পদ্মা সেতু রুটে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভেড়ামারা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, ভেড়ামারাসহ আশপাশের এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াতের জন্য আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ওপর নির্ভরশীল। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ যাত্রীদের ঢাকা যাতায়াতে ট্রেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা বলেন, চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হলে ভেড়ামারাসহ বৃহত্তর এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হবেন। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী ও চিকিৎসাসেবাপ্রত্যাশীদের যাতায়াতে ব্যাপক সমস্যা সৃষ্টি হবে।
বক্তারা জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। একই সঙ্গে খুলনা–ভেড়ামারা–ঈশ্বরদী–ঢাকা রুটে ট্রেনটির চলাচল আগের মতো বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা জানান, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখা হবে। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।