রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে এক রাতেই চুরি হয়েছে প্রায় ৭ লাখ টাকা মূল্যের পাঁচটি গরু। এতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন খামারি জাকির হোসেন পাটোয়ারী। খামারী ব্যাংক থেকে ৫ লাখ টাকা ঋণ নিয়ে গড়ে তোলা খামারের সব গরু হারিয়ে এখন দিশেহারা । সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, ব্যাংক থেকে ৫ লাখ টাকা ঋণ নিয়ে পাঁচটি গরু কিনে স্বাবলম্বী হওয়ার আশায় খামারটি গড়ে তোলেন জাকির হোসেন পাটোয়ারী। গরুর দুধ বিক্রি করেই তাঁর সংসার চালতো । কিন্তু এক রাতেই খামারের সব গরু চুরি হয়ে যাওয়ায় তাঁর সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।খামারি জাকির হোসেন জানান, ঘটনার দিন রাত দেড়টার দিকে তিনি খামারে গিয়ে গরু গুলোকে ঘুমন্ত অবস্থায় দেখেন। পরে খামারে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। সকালে ঘুম থেকে উঠে খামারে গিয়ে দেখেন, তালা ভাঙা এবং খামারে কোনো গরু নেই। দুর্বৃত্তরা রাতের আঁধারে পাঁচটি গরুই চুরি করে নিয়ে গেছে।
কান্নাজড়িত কণ্ঠে জাকির হোসেন আরো বলেন, ব্যাংক থেকে ৫ লাখ টাকা ঋণ নিয়ে পাঁচটি গরু কিনেছিলাম। এখনো ঋণের টাকাই পরিশোধ করতে পারিনি। গরুর দুধ বিক্রি করে কোনো রকমে আমার সংসার চলতো । এখন আমার সব শেষ। কীভাবে ঋণ পরিশোধ করব, কীভাবে পরিবার নিয়ে চলবো কিছুই বুঝতে পারছি না। চুরি হওয়া পাঁচটি গরুর বর্তমান বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা জানান তিনি।
এক রাতেই একটি খামারের সব গরু চুরির ঘটনায় স্থানীয় অন্যান্য খামারির মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের আশঙ্কা, এ ধরনের চুরির ঘটনা অব্যাহত থাকলে গবাদিপশু পালন ও খামার পরিচালনায় আগ্রহ হারাবেন অনেকেই। স্থানীয়রা চুরি হওয়া গরু দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, গরু চুরির ঘটনায় খামারি থানায় অভিযোগ করেন। চুরি হওয়া গরু উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একটি দল কাজ করছে।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রামগঞ্জে এক রাতে ৫ গরু চুরি
