জাতির ঐক্যের দিন ৭ নভেম্বর : প্রধানমন্ত্রী

নবচেতনা প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “৭ নভেম্বর হচ্ছে জাতির ঐক্যের দিন। এ দিন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মানুষ জীবন বিসর্জনের মধ্য দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছে, সেই অর্জন রক্ষার দিনও ৭ নভেম্বর।”

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আসুন, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষ মিলে— আমরা যে যেখানেই থাকি, দেশের ভেতরে কিংবা দেশের বাইরে—সকল ষড়যন্ত্রের জবাব একে একে দেব। ষড়যন্ত্রকারীরা মানুষকে বন্দি করে রাখতে পারবে না।”

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবেশে আসা নেতাকর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, “আপনারা আছেন না আমার সঙ্গে? সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, জবাব দেওয়ার জন্য হাজির?” প্রধানমন্ত্রী তাদের সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
নবচেতনা/এআর