নবচেতনা প্রতিবেদক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠেয় এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন—আইসিএপিপির (ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিস-আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৪ থেকে ৭ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে অংশগ্রহণের জন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের দুই সদস্যের একটি প্রতিনিধি দল মনোনীত করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। প্রতিনিধি দলের অপর সদস্য হলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ১৩তম সাধারণ অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ (রিবিল্ডিং ট্রাস্ট ইন এ ট্রান্সফর্মিং ওয়ার্ল্ড)। এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল এ সম্মেলনে অংশ নেবে।
সম্মেলনটির যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়ার মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও পিপল পাওয়ার পার্টি। উল্লেখ্য, বিএনপি এশিয়ার রাজনৈতিক দলগুলোর জোট আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য।
২০০০ সালের সেপ্টেম্বরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আইসিএপিপি প্রতিষ্ঠিত হয়। এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে এ সংগঠন কাজ করে।
নবচেতনা/এআর
