মাগুরার শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ যুবক আটক

মাগুরা প্রতিনিধি:

মাগুরার শালিখা উপজেলায় ৭৪ পিস ইয়াবাসহ আলামিন (২৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।  সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের পিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক আলামিন পিয়ারপুর গ্রামের মিল্টন মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শালিখা থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে এসআই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পিয়ারপুর এলাকায় অভিযান চালান। এ সময় রাস্তার ওপর থেকে আলামিনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আলামিনকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।