রবিউল করিম, ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে শ্রীরামপুর সুতিপাড়া উদীয়মান যুবক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ২৫টি গাছের চারা রোপণ করা হয়। এ ছাড়া সমিতির নির্মাণাধীন ক্লাব হাউসের নির্মাণকাজ পরিদর্শন এবং স্থানীয় গ্রামীণ মেলা ঘুরে দেখেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (সিইও) সামছুল হক।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সমিতির কার্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সামছুল হক সমিতির উদ্যোগে ২৫টি গাছের চারা রোপণ করেন এবং নির্মাণাধীন ক্লাব হাউসের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি স্থানীয় গ্রামীণ মেলা ঘুরে দেখেন। হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে সামছুল হক বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সমিতির কার্যালয় প্রাঙ্গণে ২৫টি গাছের চারা রোপণ করা হয়েছে। ভবিষ্যতে সমিতির প্রাঙ্গণের চারপাশ আরও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।”
এ সময় তিনি সমিতির ক্লাব হাউসের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য বিভিন্ন পরামর্শ দেন। সমিতিটিকে একটি আদর্শ ও আধুনিক ক্লাব হিসেবে গড়ে তুলে সুতিপাড়া ইউনিয়নবাসীকে ধামরাইয়ের একটি মডেল ক্লাব উপহার দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সুতিপাড়া উদীয়মান যুবক সমিতির সভাপতি মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শামসুর রহমান, এসডিআইয়ের জোনাল ম্যানেজার অভিজিৎ দেবনাথ, মো. জাহাঙ্গীর আলম, মো. রবিউল ইসলাম, মো. আসাদুজ্জামান ও ইমরান হোসেনসহ সমিতির অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ স্থানীয় যুবসমাজকে সংগঠিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
