ফুলগাজী,ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর) ফুলগাজী বাজারে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় এ অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে আমানত ইলেক্ট্রিককে ২ হাজার টাকা এবং এসবি ইলেক্ট্রনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ অভিযানে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়।
ফুলগাজী বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা জেরিন।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির মতো অনিয়ম প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
