ফেনীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আচার-চিপস তৈরি, লাখ টাকা জরিমানা

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

ফেনীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আচার ও চিপস তৈরির অপরাধে শহরের রিহান ফুডসকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তারের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আচার ও চিপস তৈরি করা হচ্ছিল। তদারকিতে উৎপাদনে পোড়া তেল ব্যবহার, প্রতিষ্ঠানটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি মেঝেতে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরির উপাদান সংরক্ষণ এবং মেঝেতে খাদপণ্য মোড়কীকরণের মতো অনিয়ম ধরা পড়ে। এ ছাড়া খাদ্য প্রস্তুতের ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। কারখানার কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা এবং স্বাস্থ্যবিধি পালনে অসচেতনতার বিষয়টিও অভিযানে উঠে আসে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে সরকারি আইন ও বিধিবিধান মেনে খাদ্য উৎপাদন এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনীয়  নির্দেশনা দেওয়া হয়। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কৃষ্ণময় বণিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা। এ সময় নিরাপত্তার দায়িত্ব পালন করেন ফেনী জেলা পুলিশের একটি দল।