মাগুরা প্রতিনিধি
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র?্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্বাশতী শীল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা ইকবাল তালুকদার। এ ছাড়া বক্তব্য দেন শিক্ষার্থী হাবিবা রহমান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জেসমিন আরা, জেনিস ফারহানা ও সাবিনা ইয়াসমিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার এবং সহকারী কমিশনার সাজ্জাদ হোসেনসহ অন্যরা।
বক্তারা কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা, বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর বিকাশ ও ক্ষমতায়নে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
