পরিষ্কার হলো কলাপাড়ার ময়লার ভাগাড়,অপসারণ করা হয়েছে প্রায় ১৫ টন বর্জ্য

সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ লঞ্চঘাট এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার ভাগাড় অবশেষে পরিষ্কার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন কলাপাড়া, গ্রীন কলাপাড়া ও আমরা কলাপাড়াবাসী-এর যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে প্রায় ১৫ টন বর্জ্য অপসারণ করা হয়।

দীর্ঘদিন ধরে লঞ্চঘাট এলাকার বিস্তীর্ণ জায়গাজুড়ে খাবারের হোটেলের পচা-বাসি উচ্ছিষ্ট, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকায় সেখানে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। এতে মশা-মাছির উপদ্রবের পাশাপাশি জনস্বাস্থ্যঝুঁকিও বাড়ছিল।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যদের নজরে বিষয়টি আসার পর তারা ময়লার ভাগাড়টি পরিষ্কারের উদ্যোগ নেন। বুধবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য অপসারণ করে এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, যুবদল নেতা সুমন গাজী, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, পরিবেশ সংগঠক নজরুল ইসলামসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্লিন কলাপাড়া ও গ্রীন কলাপাড়ার সমন্বয়ক মুশফিকুল রহমান লিটু বিশ্বাস বলেন, “পরিচ্ছন্নতা শুধু একদিনের কার্যক্রমে সীমাবদ্ধ রাখলে হবে না। লঞ্চঘাটের পরিবেশ সুন্দর ও জনস্বাস্থ্যসম্মত রাখতে নিয়মিত বর্জ্য অপসারণ এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।