মা মাছ রক্ষায় রায়পুরায় প্রশাসনের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

অজয় সাহা,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

মৎস্য সম্পদ সংরক্ষণে নরসিংদীর রায়পুরায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ ২০২৬) উপজেলার মরজাল ইউনিয়নের বাঘমারা ব্রিজ সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ অভিযান চালানো হয়। এ সময় নদীতে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে মা মাছ নিধন (ফিক্সড ইঞ্জিন ব্যবহার) এবং পানির স্বাভাবিক প্রবাহে বাধা প্রদানের অপরাধে ২ জনকে আটক করা হয়।পরে তাদের বিরুদ্ধে মৎস্য  সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী একটি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং স্থানীয়দের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সচেতন করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। এ সময় সিনিয়র মৎস্য অফিসার আবদুল্লাহ আল মামুন, রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। উপজেলা প্রশাসন জানায়, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন