নীলফামারীতে আগুনে ছয়টি ঘর পুড়ে ছাই

হামিদুল্লাহ সরকার

নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের দক্ষিণ সুটিপাড়া বারোঘড়িয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় তিন পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বারোঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের ভেতরের বৈদ্যুতিক লাইনে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহুর্তের মধ্যেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পরে। খবর পেয়ে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও নীলফামারী সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুইঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তবে এর আগেই বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীরা জানান, আগুনে আমাদের শেষ সম্বল টুকুও রক্ষা করতে পারিনি। আসবাবপত্রসহ সবকিছু পুরে এখন আমরা নিঃস্ব। বাড়ি পুড়ে যাওয়ার সময় আমরা কেউই বাড়িতে ছিলাম না, আমরা আত্মীয় বাসায় গিয়েছিলাম বাড়ির সবাই। বাড়ি পুড়ে যাওয়ার খবর শুনে এসে দেখি সব শেষ। ভুক্তভোগী ছালেহা খাতুন, শামীম হোসেন, মাহমুদুল হাসান টুলটুল জানান, আসবাবপত্রসহ তিন বাড়ির সব মিলে প্রায় সাড়ে বারো লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমাদের। প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিশ্চিত করেছেন যে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি বা শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। উত্তরা ইপিজেড ও নীলফামারী সদর ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়।

মন্তব্য করুন