নির্বাচনে নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য কমপক্ষে ৪০ হাজার বডি-ওয়্যার ক্যামেরা (বডিক্যাম) সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ জানান, ৪০ হাজার বডিক্যাম সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অক্টোবরের মধ্যেই এসব ডিভাইস সংগ্রহের লক্ষ্য রয়েছে, যাতে নির্বাচনের আগে পুলিশ সদস্যরা এর এআই সক্ষমতাসহ মূল বৈশিষ্ট্যের ওপর পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারেন। তিনি বলেন, হাজারো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে এসব বডিক্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নির্বাচনের সময় পুলিশ কর্মকর্তারা বুকে এই ডিভাইস পরবেন। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের দ্রুত ক্রয় সম্পন্ন করা ও প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দিয়ে বলেন, সব ভোটকেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে—খরচ যাই হোক না কেন। ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা আমাদের লক্ষ্য। এছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী আসন্ন ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনা উপস্থাপন করেন। অ্যাপটিতে প্রার্থীর তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর সুবিধা থাকবে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী ও ফয়েজ তৈয়ব আহমেদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন