ePaper

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ৩১ হাজার সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি

রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরাজগঞ্জ জেলা, যেখানে মোট পরীক্ষার্থী ৩১ হাজার ৩৫৪ জন। ইতোমধ্যে জেলায় সব ধরনের প্রস্তুতি শতভাগ সম্পন্ন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। রাজশাহী শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার ৪৬টি কেন্দ্রে ৩৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ৭টি, বেলকুচিতে ৪টি, কামারখন্দে ২টি, চৌহালীতে ৪টি, কাজিপুরে ৬টি, রায়গঞ্জে ৭টি, শাহজাদপুরে ৮টি, তাড়াশে ৩টি এবং উল্লাপাড়া উপজেলায় ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে ১৬ হাজার ৬১০ জন এবং মেয়ে ১৪ হাজার ৭৪৪ জন। জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে বগুড়া জেলা, যেখানে অংশ নিচ্ছে ৩২ হাজার ১০২ জন। দ্বিতীয় অবস্থানে থাকা সিরাজগঞ্জের পর তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী জেলা, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৫৩৭ জন। এছাড়া পাবনায় ২৬ হাজার ৬৭২ জন, নওগাঁয় ২১ হাজার ২৯৯ জন, নাটোরে ১৫ হাজার ৮৭৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ হাজার ৯৫৬ জন এবং সর্বনিম্ন জয়পুরহাট জেলায় ৮ হাজার ৯১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সিরাজগঞ্জের জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জাব্বার ঢাকা পোস্টকে বলেন, সিরাজগঞ্জ জেলায় এসএসসি পরীক্ষার প্রস্তুতি একেবারে শতভাগ সম্পন্ন। প্রস্তুতিতেও কোনো ঘাটতি নেই। সবচেয়ে বড় কথা, প্রতিটি কেন্দ্রেই আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। প্রসঙ্গত, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *