হাবিবুর রহমান, গাইবান্ধা
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে রংপুরে বিভাগীয় পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। এতে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
প্রশিক্ষণে রংপুর বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসন, পৌরসভা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং জেলা প্রেসক্লাবের প্রতিনিধিরা অংশ নেন।
গাইবান্ধা জেলা থেকে প্রশিক্ষণে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম, গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ এস এম শরিফুল ইসলাম ডাকুয়া, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি সাহিদাত চৌধুরী সুমন এবং গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান।
প্রশিক্ষণে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রের লক্ষ্য, অগ্রাধিকার ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ উৎপাদনের লক্ষ্য অর্জনে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ, সৌর সেচ পাম্প, ফ্লোটিং সোলার ও বৈদ্যুতিক যানবাহনসহ বিভিন্ন খাতকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয় এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রের লক্ষ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বিত ধারণা ও সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
