ePaper

বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজে গোপন দর ফাঁস, সিন্ডিকেট গঠন এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে দুদক। এর মধ্যে রয়েছে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্যতালিকা, এনসিটিবির ৪২৩তম বোর্ড সভার কার্যবিবরণীসহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র।

দুদক সূত্র জানায়, সংগৃহীত নথি ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হবে। এরপর এনফোর্সমেন্ট টিম কমিশনে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।