ePaper

ফেনীতে অবৈধভাবে পরিচালিত দুই হাসপাতাল সিলগালা

সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি

ফেনী জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে দুটি হাসপাতাল সিলগালা করেছে। এ ছাড়া অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের পাশাপাশি জরিমানা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ফেনী শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দুপুরে শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় আমিন মেডিকেল সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং নানা অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

এরপর মহিপালের নিজাম টাওয়ারে অবস্থিত আলো ডিজিটাল চক্ষু হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। কোনো ধরনের লাইসেন্স ছাড়াই হাসপাতালটি কার্যক্রম পরিচালনা করছিল। এই অভিযোগে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। একই এলাকায় সোনালী ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন বলেন, সিভিল সার্জনের পরামর্শক্রমে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই অভিযান চালানো হয়েছে। স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত তদারকি ও পরিদর্শন চলছে। অনিয়ম পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *