ঘরের মাঠে চার দশকের শিরোপা-খরা কাটানোর স্বপ্ন দেখেছিল আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ দল। তবে ফাইনালে এসে সেই স্বপ্ন ভেঙে গেল টাইব্রেকারে। নাটকীয় লড়াইয়ে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে সোনা জিতেছে প্যারাগুয়ে।
রোসারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও প্যারাগুয়ের রক্ষণে ফাটল ধরাতে ব্যর্থ হয় আর্জেন্টিনা।
আক্রমণে আর্জেন্টিনা বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তের সমাপ্তিতে ছিল ঘাটতি। প্যারাগুয়েও পাল্টা আক্রমণ থেকে গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু দুই দলের কেউই জালের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে।
টাইব্রেকারে প্যারাগুয়ের পাঁচ শটের সবকটিই জালে যায়। আর্জেন্টিনার একটি শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে প্যারাগুয়ে। এরপরই শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে তারা।
এই টুর্নামেন্টে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার দুর্ভাগ্য যেন শুরু থেকেই। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। এরপর উরুগুয়েকে ১-০ গোলে হারানো এবং ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ চারে জায়গা করে নেয় তারা।
সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ ম্যাচে আবারও প্যারাগুয়ের বাধায় থামতে হলো তাদের।
দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে আর্জেন্টিনা সর্বশেষ স্বর্ণপদক জিতেছিল ১৯৮৬ সালে। ঘরের মাঠে এবার দীর্ঘ ৪০ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো প্লাসেন্তের শিষ্যদের।
